সংসদ যাওয়া বা শপথ নেয়ার প্রশ্নই উঠতে পারে না: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67605-সংসদ_যাওয়া_বা_শপথ_নেয়ার_প্রশ্নই_উঠতে_পারে_না_মির্জা_ফখরুল
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিএনপি দলীয় এমপিদের সংসদে যোগ দেয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৯ ২০:২৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিএনপি দলীয় এমপিদের সংসদে যোগ দেয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণের পরই বিএনপি মহাসচিব তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। তারা (ক্ষমতাসীনরা) একটা ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন। আবার এসেছেন, এসে তারা দেশ পরিচালনা করবেন। বলছেন বিরোধী দলকে জাতীয় সংসদে যাওয়ার জন্য। এটা আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে। বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে।’

একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও পরিষ্কার করে বিএনপি মহাসচিব বলেন, ‘কীভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেয়া হবে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদ যাওয়া বা শপথ নেয়ার প্রশ্নই উঠতে পারে না।

তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন। গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই অংশগ্রহণ করবে। তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। আমরা তো আগেই বলে দিয়েছি। নতুন করে বলার কিছু নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন প্রথমেই যে, কেন তার বিজয় হলো? সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি। জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। প্রথম তার (প্রধানমন্ত্রী) ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে। কারণ সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয় না।

মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন দেশগুলো বক্তব্যের মধ্যে এসেছে যে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি। ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১২ জানুয়ারি দশম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের চার বছর পূর্তি উপলক্ষে তিনি ওই ভাষণ দেন। এছাড়া, ২০১৭ সালের ১২ জানুয়ারি সরকারের তিন বছর পূর্তি, ২০১৬ সালের ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তি ও ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন