৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিতরা শপথ না নেয়ার বিষয়ে ঐক্যবদ্ধ: রিজভী
-
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৩০ ডিসেম্বরের ভোটে জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নেয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ আছেন।
আজ (সোমবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং রিজভী বলেন, ঐক্যফ্রন্টের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করবে কিনা এমন তথ্য আমার কাছে নেই। তবে এখনো বিএনপি এবং ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে।
তবে, ৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরাম নেতা মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেবার আগ্রহ প্রকাশ করেছেন।
মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর এবং সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খানও গণমাধ্যমের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, নির্বাচনী ট্রইব্যুনালে মামলা করবেন প্রত্যেক প্রার্থী। দলীয়ভাবে এটা করা হবে না। প্রত্যেকে তার সুবিধা মতো সময়ে মামলা করবেন।
লিখত বক্তব্যে তিনি বলেন, জনগণ ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ, ২৯ ডিসেম্বর রাতেই ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে। সুতরাং নির্বাচনোত্তর সরকার নিজেকে যে নামেই অভিহিত করুক, সেটি অবৈধ সরকার।
তিনি বলেন, বর্তমান রাষ্ট্র এমন এক ভয়াবহ একদলীয় রূপ ধারণ করেছে যেখানে অন্যায়ের প্রতিকার চাওয়ার কোন জায়গা নেই। এত বড় মহাভোট ডাকাতি ও মহাভোট জালিয়াতির নির্বাচন গোটা জাতির সামনে সংঘটিত হলো অথচ নির্বাচন কমিশন জানালো যে, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।
রিজভী আরো বলেন, নির্বাচন হচ্ছে-গণতন্ত্রের প্রধান অনুশীলন। সরকার সেই নির্বাচনী ব্যবস্থাকেই চূড়ান্তভাবে ভেঙে তছনছ করে দিয়েছে, আর এই ভোট ডাকাতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের তকমা দিয়েছে এই নির্বাচন কমিশন।
এসময় তিনি দেশব্যাপী হাজার হাজার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন