বিএনপির কর্মসূচি ঘোষণা : রিজভী বললেন, সবাই দুদকের উগ্রতার নির্মম শিকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i67842-বিএনপির_কর্মসূচি_ঘোষণা_রিজভী_বললেন_সবাই_দুদকের_উগ্রতার_নির্মম_শিকার
একুশে বইমেলার কারণে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা না করে সেদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এবং পরদিন সারাদেশে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৩:০৫ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

একুশে বইমেলার কারণে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা না করে সেদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এবং পরদিন সারাদেশে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ (সোমবার) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা বইমেলার কারণে স্থগিত করা হয়েছে। ওইদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি প্রতিবাদ সভা করবে। পরদিন ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।'

দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিনে পরিণত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভুয়া ভোটের সরকারের চাহিদা মেটাতে, গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করতে দুদক বর্তমানে উগ্রতা নিয়ে কাজ করছে। বিএনপির  চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অসংখ্য দলীয় নেতৃবৃন্দসহ নির্দোষ, নিরীহ যুবক জাহালম সবাই একই রকম নির্বিচার মামলার ধারাবাহিকতাতেই কারাগারে আটক। তারা সবাই দুদকের উগ্রতার নির্মম শিকার বলে দাবি করেন রিজভী।

রিজভী আরও বলেন, এই দুদকের কারণেই আশকারা পেয়ে আজ দেশে ‘ক্রিমিনাল ইকোনমি’ পত্রপল্লবে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। জাহালমের দীর্ঘদিন কারাভোগের ঘটনায় দুদকের ভূমিকা নজিরবিহীনভাবে ন্যক্কারজনক। এই ঘটনায় দেশে একটি ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের (অপরাধমূলক প্রশাসন) ছবিই ভেসে ওঠে। এই দুদক সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে। এই দুদক আইনি নিয়মকানুন কিছুই না মেনে আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশেই দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীকে আটকে রাখতে মামলা সাজিয়েছে। বিরোধী শক্তিকে দমন করতে আওয়ামী অবৈধ গোষ্ঠীর একটি হাতিয়ার হলো বর্তমান দুর্নীতি দমন কমিশন।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই দুদক ভুয়া ভোটের সরকারের ১০ বছরের মেগা দুর্নীতির কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। যদি করতেই পারত তবে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, উপদেষ্টা এবং নেতা যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তারা আজকে প্রবল প্রতাপে দেশব্যাপী দাপিয়ে বেড়াতে পারত না। দেশের বাইরে বেগম পল্লী ও সেকেন্ড হোম গড়ে উঠত না। নিউইয়র্কে মন্ত্রীর পুত্রের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থাকত না। সাবেক অর্থমন্ত্রী চার হাজার কোটি টাকা চুরিকে দুর্নীতি বলতে নারাজ হতেন না।’

পরে খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন রুহুল কবির রিজভী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন