মানহানির দুই মামলায় আরও এক বছরের জামিন পেলেন খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i67864-মানহানির_দুই_মামলায়_আরও_এক_বছরের_জামিন_পেলেন_খালেদা_জিয়া
মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা আলাদা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও এক বছরের জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০৯:৪৮ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা আলাদা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও এক বছরের জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। পরে কায়সার কামাল বলেন, এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে দুই মামলায় ৬ মাস করে জামিন দিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ফের আবেদনের পরিপ্রেক্ষিতে একবছর করে বাড়িয়েছেন।

নড়াইলের মামলায় গত বছরের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করে নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়।

এদিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত বছরের ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড বেড়ে ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন