খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মিছিল
-
রিজভীর নেতৃত্বে মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। আজ (মঙ্গলবার) দুপুর একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় রুহুল কবির রিজভী দাবি করেন, ২৯ ডিসেম্বর পুলিশ দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটা শ্রেষ্ঠ তামাশা। দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে।
খালেদা জিয়ার জামিনের মেয়ার এক বছর বাড়ল
এদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে হাইকোর্ট। এই দুই মামলায় কারাবন্দি খালেদা জিয়া। ৬ মাসের জামিনে ছিলেন যা আগামী সপ্তাহে শেষ হবার কথা।
আদালতে আজ (মঙ্গলবার) খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জাবীনের মেয়াদ বাড়িয়ে দেয়।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মুহাম্মদ আলী এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে একটি মামলাটি দায়েরর করা হয়। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা রুজু করা হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন