ঢাকায় অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান শেষে বর্জ্য অপসারণ শুরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i68288-ঢাকায়_অগ্নিকাণ্ড_উদ্ধার_অভিযান_শেষে_বর্জ্য_অপসারণ_শুরু
রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় একটি মসজিদ এবং সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। আগুনের কারণে মসজিদের গ্লাসগুলো ভেঙে যাওয়া ছাড়া বড় ধরণের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এছাড়া মসজিদের ট্যাংকি থেকে পানি দেয়ার ফলে আগুন নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ২০:১৭ Asia/Dhaka
  • ঢাকায় অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান শেষে বর্জ্য অপসারণ শুরু

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় একটি মসজিদ এবং সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। আগুনের কারণে মসজিদের গ্লাসগুলো ভেঙে যাওয়া ছাড়া বড় ধরণের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এছাড়া মসজিদের ট্যাংকি থেকে পানি দেয়ার ফলে আগুন নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়েছে।

গতরাতে হঠাৎ বিস্ফোরণ থেকে আগুন কেমিকেল গোডাউনে ছড়িয়ে পড়লে সেখানে থাকা বডি স্প্রের বোতলগুলো বাজি-পটকার মত ফুটতে শুরু করে। এতে আগুন আর আতঙ্ক একই সাথে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের চুড়িহাট্টা শাহী মসজিদ সংলগ্ন মাদ্রাসা শিক্ষকরা জানান, আশেপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ঘটনাস্থল স্থল থেকে ২৫-৩০ হাত দূরে  মসজিদটি অক্ষত থাকে। এ সময় শিক্ষকগন  জীবন বাঁচাতে কোমলমতি ছাত্রদেরকে নিয়ে মসজিদের ছাদে আশ্রয় নেন। আগুন আশপাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়লেও রক্ষা পায় মসজিদ ও একই ভবনে অবস্থিত মাদ্রাসাটি।

এদিকে, ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

উদ্ধার অভিযান শেষে বর্জ্য অপসারণ শুরু

চকবাজারে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষ হওয়ার পর সেখানে বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে ডিএসসিসি বর্জ্য অপসারণের কাজ শুরু করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আপাতত আমরা রাস্তায় জমে থাকা রাবিশগুলোকে মিনি ড্রেজার দিয়ে অপসারণের কাজ শুরু করেছি। রাস্তা পরিষ্কার হয়ে গেলে পর্যায়ক্রমে অন্য পাশ ও ভবনগুলোর বর্জ্য সরানো হবে।

ফায়ার সার্ভিসের আহ্বানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবী কর্মীরাও অপসারণের কাজে সহায়তা করছেন।

বুধবার রাত সাড়ে দশটার দিকে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকায় একটি পিকআপ ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হলে সেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত এই আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষ-শিশুসহ কমপক্ষে ৮১  জন আগুনে পুড়ে নিহত হন। ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া  মৃত দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রেখেছে। সেখানে শনাক্ত শেষে এ পর্যন্ত ২২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৯ জন চিকিৎসাধীন আছেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন