সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিন: ওআইসির বৈঠকে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i69051-সন্ত্রাসবাদের_বিপক্ষে_অবস্থান_নিন_ওআইসির_বৈঠকে_বাংলাদেশ
ইসলামভীতি দূর ও আন্তধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২২, ২০১৯ ২১:৪১ Asia/Dhaka
  • ওআইসির সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
    ওআইসির সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ইসলামভীতি দূর ও আন্তধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গতকাল (শুক্রবার) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের ‘ওপেন এন্ডেড’ সভায় বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আহ্বান জানান। ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

তুরস্কে ওআইসির নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জঙ্গি হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। সন্ত্রাসবাদ, ইসলামভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ জরুরি বৈঠক শেষ হয়।

ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন। এছাড়াও তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফও অংশ নেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন