বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা রোমাঞ্চকর ম্যাচ: দুই অধিনায়ক যা বললেন
-
সতীর্থ খেলোয়াড়দের সাথে মাশরাফি
দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত অনুষ্ঠিত ৫টি খেলার মধ্যে এটিই ছিল সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ। আগে ম্যাচগুলো ছিল ম্যাড়ম্যাড়ে ও প্রতিদ্বন্দ্বিতাবিহীন। বাংলাদেশ নামার পর বদলে যাওয়া ম্যাচটি দেখে দর্শকরাও দারুণ খুশি। সেইসাথে খুশি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘জয় দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে আমরা খুব ভালো একটা সফর কাটিয়ে এসেছে। সেই রেশটা ধরে রাখার দরকার ছিল। ব্যাটসম্যানরা সেই ছন্দটা ধরে রেখেই শুরুটা এনে দিয়েছিল।’
এ ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৩০ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ সম্পর্কে মাশরাফি বলেন, ‘টস হেরে ব্যাটিং পাওয়াটাও দারুণ কাচে লেগেছে। অবশ্য এটা এমন একটা উইকেট, এর আগে এখানে একটা ম্যাচ হয়ে গেছে। তাই টস জিতলেও দ্বিধা কাজ করত। ব্যাটিং নেব নাকি বোলিং। সব মিলিয়ে ব্যাটিং করাটা খারাপ সিদ্ধান্ত হয়নি। মুশফিক তো সব সময়ই এমন ইনিংস খেলে দেয়, যেখানে ওর স্ট্রাইক রেট খুব উঁচুতে থাকে। সাকিবও কী দারুণ ব্যাটিং করেছে। তবে বিশেষ করে সৌম্যের কথা বলতেই হবে। শুরুতে সৌম্য যে ছন্দটা ঠিক করে দিয়েছিল, সেটাই মাহমুদউল্লাহ-মোসাদ্দেক মিলে শেষ টেনেছে।’
কিন্তু রেকর্ডসংখ্যক রান করেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। মাশরাফির কথায়, ‘এই স্কোর গড়েও নির্ভার থাকার উপায় ছিল না। আমরা জানতাম আমাদের ভালো জায়গায় বোলিং করতে হবে। কারণ এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটা উইকেট ছিল। তাই একের পর এক বোলারকে আক্রমণে পরিবর্তন করেছি, যেন ঠিক সময়ে উইকেট তুলে নিতে পারি। ভালো দিক হলো, পরিকল্পনাটা কাজে দিয়েছে। ঠিক সময়ে আমরা উইকেট তুলে নিতে পেরেছি। এখানেও স্পিনারদের কৃতিত্ব আছে। ওরাই চাপটা তৈরি করে দিয়েছিল। মোস্তাফিজ আর সাইফ শেষটা টেনে দিয়েছে।’

এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া সাকিব আল হাসান বলেছেন, 'এটি আমাদের শীর্ষ জয়গুলোর মধ্যে অন্যতম। আমরা অনেক দলের বিপক্ষেই অঘটন ঘটিয়েছি। এটা আমার চতুর্থ বিশ্বকাপ এবং এই টুর্নামেন্টে আমরা কিছুটা প্রমাণ করতে চাই। এর চেয়ে ভালো শুরু হতে পারে না। আমরা এমন একটি শুরুই চেয়েছিলাম। ইংল্যান্ডে আসার সময়ই আমাদের এই বিশ্বাস ছিল।'
বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে যাওয়া সম্পর্কে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ‘আমাদের কাজটা আরও জটিল হয়ে গেল। দক্ষিণ আফ্রিকানরা খেলাধুলাকে গর্বের সঙ্গে নেওয়া এক দেশ। আমরাও আমাদের সামর্থ্যের পুরোটা খেলতে পারছি না। ৫০-৬০ শতাংশ খেলতে পারছি।’
তিনি বলেন, ‘আজ কোনো কিছুই পরিকল্পনা মতো হয়নি। লুঙ্গির চোট নিয়ে উঠে যাওয়াটা আমাদের চাপে ফেলে দিয়েছিল। তবুও বলব, আমাদের বাকি যে বোলিং আক্রমণ, তাতেও ৩৩০ অনেক বেশি স্কোর। এটা মোটেও ভালো কোনো পারফরম্যান্স হলো না। ফিরে তাকিয়ে এটাই আমার উপলব্ধি।’
এই পরাজয় দক্ষিণ আফ্রিকানরা সহজভাবে মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।