প্রিজন সেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা
-
হাসপাতালে খালেদা জিয়া (ফাইল ছবি)
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রিজন সেলে পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ঈদে কিছুক্ষণ সময় কাটিয়েছেন।
বুধবার ঈদের দিন বেলা ১টায় তার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান পরিবারের সাত সদস্য। পরিবারের এই সাত সদস্য বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য আগেই অনুমতি পেয়েছিলেন।
সাক্ষাতকারী স্বজনেরা হলেন-খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, সেলিনার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং প্রয়াত আরাফাত রহমানের শাশুড়ি মোখরেমা রেজা।
স্বজনরা খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যান। সেখানে ছিল মুরগির রোস্ট, রেজালাসহ ভাজা মাছ। সঙ্গে ছিল দুধ-সেমাই ও মিষ্টি। সাক্ষাৎ শেষে পৌনে ৩টায় হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বজনরা।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদন্ড মাথায় নিয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন বেগম খালেদা জিয়া । এর মধ্যে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের গত দুটি ঈদ কাটে তার।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অসুস্থ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে পরিবারের সকলকে নিয়ে আনন্দ ঈদ উৎসব করছেন। আনন্দমুখর সময় কাটাচ্ছেন। আমাদের নেত্রীকে কারাগারের অসুস্থ পরিবেশে বন্দিদশার মধ্যেই পঞ্চমবারের মতো ঈদ করাচ্ছেন।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বৃষ্টির মধ্যে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল নাইট এঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
মিছিল শেষে বক্তৃতায় তিনি বলেন, ‘দেশ ও জনগণ আজ বাকশালী কারাগারে বন্দী। একদলীয় শাসনের চিরস্থায়িত্ব দেওয়ার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করতেই গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতেই সমাপ্ত করা হয়েছে। সর্বকালের সেরা জাল-জালিয়াতির এই নির্বাচন নিশ্চিত করার জন্যই বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আজ ঈদের দিন, উৎসবের দিন অথচ এই ঈদের প্রাককালে জনগণের প্রত্যাশা ছিল অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা দেশনেত্রীকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সরকার বেগম জিয়ার মুক্তি নিয়ে এক সর্বনাশা খেলায় মেতেছে। তার জীবন নিয়ে সরকারের মাস্টারপ্ল্যানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল থাকবে।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।