বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার, খালেদাকে নিয়ে বিএনপির শঙ্কা
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সেখানে একরকম আতঙ্ক বিরাজ করছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানের কার্যালয়ের সামনে থেকে বুধবার রাত আড়াইটার দিকে একটি পরিত্যক্ত পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কে বা কারা নাশকতার উদ্দেশে গভীর রাতে দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। একটি বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। এর আগে সোমবার রাতে রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে কাগজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি প্রিজন সেলে বন্দী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি’ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রেডিও তেহরানকে বলেন, আমরা সেখানে অবস্থানরত বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
পেট্রোল বোমা উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেছেন, সম্প্রতি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি অভিযোগ তুলে একদল চিকিৎসক আন্দোলন করছে। তারা নানাভাবে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য চিকিৎসক নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বন্ধ করতে হুমকি-ধমকি দিচ্ছে। তারাই এ কাজ করতে পারে বলে আমরা ধারণা করছি। তবে যেই করুক, আশা করছি পুলিশের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।