মুস্তাফিজই ম্যাচের মোড় ঘুরিয়েছে- মাশরাফি : আত্মবিশ্বাস ছিল চূড়ায়- সাকিব
-
সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘এই জয় খুবই প্রয়োজন ছিল আমাদের জন্য। এমন সাফল্য দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। মুস্তাফিজের ৪০তম ওভারটি টার্নিং পয়েন্ট ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘মুস্তাফিজ এক ওভারে দুই উইকেট নিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সে সময় এমনভাবে খেলছিল, তাদের রান হয়ে যেত ৩৬০-৭০। তা ছাড়া শুরুতেই গেইলের আউট এবং সাকিবের দুই উইকেট ম্যাচে বাংলাদেশকে অনেকটাই ফিরিয়ে নিয়ে আসে।’
সাকিবের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘সাকিব বরাবরের মতোই দলের জন্য খেলেছে। প্রতি ম্যাচেই সে নেমে এমন কিছু করেছে, এক কথায় অনবদ্য। আশা করছি, দলের বাকিরাও সবাই এরকম পারফর্ম করে ওকে যোগ্য সঙ্গ দেবে।’
বিশ্বকাপ অভিষেকেই লিটন দাস খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ঝলমলে এক ইনিংস। মাশরাফির এ প্রসঙ্গে বলেন, ‘গত দুই ম্যাচে মুশফিক ভালো ব্যাট করেছে, আজ লিটন অসাধারণ খেলেছে। সাধারণত সে টপ অর্ডারে ব্যাট করে, ওর জন্য পাঁচে নামাটা তাই কঠিন ছিল। কিন্তু ও মানিয়ে নিয়েছে এবং পারফর্মও করেছে।’
বিশ্বকাপে বাংলাদেশ পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। এ সম্পর্কে মাশরাফি বলেন, ‘নটিংহামের উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক। সে পরিকল্পনা নিয়েই খেলতে হবে আমাদের। তবে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ না হওয়াটা আমাদের জন্য কিছুটা ক্ষতি হয়েছে। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন বোলিংয়ে এখনও সেরাটা দেয়ার অপেক্ষায় আছেন তিনি। নিজের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রেখে সাকিব বলেছেন,
'আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এই মুহূর্তে আমি ভালো করছি, তবে আমি এর থেকেও ভালো করতে পারি অবশ্যই। সমর্থকরা এই বিশ্বকাপে অসাধারণ ভূমিকা রেখেছে, আশা করি তারা আমাদের সমর্থন দিয়ে যাবে।'
ওয়ানডেতে এর আগে এত রান তাড়া করে কখনই জেতেনি বাংলাদেশ। অথচ এত বড় লক্ষ্য পেয়েও ইনিংস বিরতিতে বাংলাদেশের ড্রেসিং রুম নাকি ছিল নির্ভার, ক্রিকেটাররা ছিলেন ফুরফুরে মেজাজে। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এমনটাই জানালেন ম্যাচ সেরা সাকিব আল হাসান।
‘প্রথম ইনিংসের পর ড্রেসিং রুমে কেউ অনুভব করে নাই যে এটা কঠিন হবে। সবাই স্বচ্ছন্দে ছিল, মজা করছিল। ড্রেসিং রুমে আত্মবিশ্বাস ছিল চূড়ায়। আমরা বিশ্বাস করেছি যে এই রান তাড়া করা সম্ভব। ওপেনাররা যখন ভালো শুরু পেল, সবাই বেশ নির্ভার হয়ে যায়। এটা আমাদের আসলে সাহায্য করেছে। কাজেই কোন এক মুহূর্তের জন্যও আমরা আতঙ্কিত হইনি। এটা হচ্ছে এই তাড়ার সেরা দিক।’
টনটনে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৩২১ রানের বিশাল সংগ্রহ করেছিল উইন্ডিজ। শাই হোপ ও এভিন লুইসের অর্ধশতক এবং শেষদিকে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের ক্যামিওতে এমন রান সংগ্রহ করেছিল তাঁরা। জবাবে সাকিব আল হাসানের শতক এবং লিটন-তামিমদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।