মানুষ কথা বলতে ভয় পাচ্ছে: আমির খসরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i71383-মানুষ_কথা_বলতে_ভয়_পাচ্ছে_আমির_খসরু
বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। এমনকি সুশীল সমাজের ওপরও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। সবাই কথা বলতে ভয় পাচ্ছে। কথা বললেই খুন-গুম ও হামলা-মামলায় জড়িয়ে নির্যাতন করা হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২১, ২০১৯ ১২:২২ Asia/Dhaka
  • আমির খসরু মাহমুদ চৌধুরী
    আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। এমনকি সুশীল সমাজের ওপরও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। সবাই কথা বলতে ভয় পাচ্ছে। কথা বললেই খুন-গুম ও হামলা-মামলায় জড়িয়ে নির্যাতন করা হচ্ছে।

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে এ কথা বলেন তিনি। বিচার বিভাগে রাষ্টীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

সরকারের সমালোচনা করে আমির খসরু বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এটা যেমন সবার কাছে দিনের আলোর মত পরিষ্কার, ঠিক তেমনই খালেদা জিয়াকে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, সেটাও সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছে বলেই সরকারের এমপি-মন্ত্রীরা প্রতিনিয়ত নিজেদের প্রোটেক্ট করার জন্য বলে বেড়াচ্ছেন, তারা খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছেন না। হস্তক্ষেপ যদি নাই করে থাকেন, তবে এমন প্রশ্ন আসে কেন?

বিএনপির এ নেতা আরও বলেন, সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার লক্ষ্যে আদালতকে ব্যবহার করে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। এ দেশের মানুষের গণদাবি, খালেদা জিয়ার মুক্তি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া।

তিনি বলেন, মানুষের বিচার পাওয়ার প্রত্যাশা ও বিচার বিভাগের ওপর আস্থা উঠে যাওয়ার চেয়ে আর কোনও বড় সমস্যা একটি দেশে হতে পারে না। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। বিচার বিভাগে হস্তক্ষেপ করা হলে মানুষ খুব কষ্ট পায়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। দেশে সেটাই এখন হচ্ছে।

এদিকে, বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল ও উত্তরের সাধারণ সস্পাদক সাজ্জাদ হোসেন রুবেল মিছিলের নেতৃত্ব দেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২১