বগুড়া উপনির্বাচন: বিএনপি মনোনীত প্রার্থীর বিপুল জয়
-
গোলাম মোহাম্মাদ সিরাজ
বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সোমবার রাত সোয়া ৮টার দিকে এ ফল ঘোষণা করা হয়।
গতকাল (সোমবার) সকাল নয়টা থেকে শুরু হয়ে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ১৪১টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা শেষে দেখা যায় ধানের শীষে ভোট পড়েছে ৮৮ হাজার ৪২৩টি। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি. জামান নিকেতা নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৩২ হাজার ১৯৮টি।
সাধারণ ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে ভীতি থাকলেও ভোটের আগে মহড়ার মাধ্যমে ভোটারদের পদ্ধতি শেখানো হয়েছে নির্বাচন অফিসের মাধ্যমে। ফলে ভোটের দিন তেমন প্রভাব পড়েনি।
তবে ভোটারের উপস্থিতির হার খুবই কম দেখা গেছে। এ আসনে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে গতকালের নির্বাচনে ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে এক লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট পড়ে। সে হিসাবে, ভোটগ্রহণের হার ছিল ৩৪.৫৫ শতাংশ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি নুরুল ইসলাম ওমর (লাঙল) পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ড. মনসুর রহমান (ডাব) পেয়েছেন ৪৫৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন) পেয়েছেন ৫৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মণ্ডল (আপেল) পেয়েছেন ২ হাজার ৯২০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক) পেয়েছেন ৬৩০ ভোট।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে মহাজোটের পক্ষে মনোনয়ন দেয়া হয়েছিল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমরকে। তিনি বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিপুল ভোটে পরাজিত হন। ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রাপ্ত ভোট ২ লাখ ৭ হাজার এবং মহাজোট প্রার্থী নূরুল ইসলাম ওমর পায় ৪০ হাজার ভোট। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫