গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহার না করলে পরিণতি ভালো হবে না: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i71787-গ্যাসের_বর্ধিতমূল্য_প্রত্যাহার_না_করলে_পরিণতি_ভালো_হবে_না_রিজভী
বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তার পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১৭:২৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তার পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যে সরকারের জনগণের ম্যান্ডেট নাই, তারা কি করবে না করবে আমরা জানি না। তবে এই যে সংগ্রাম, তা এই পর্যায়ে থাকবে না; এর স্ফুলিঙ্গ দাবানল আকারে ছড়িয়ে পড়বে একদিন। সরকারের যদি বোধদয় না হয়, উপলব্ধি না হয়, তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও তাদের মুক্তির দাবি জানান তিনি।

গ্যাসের বর্ধিতমূল্য মেনে নিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আপনারা মধ্যরাতের নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা একতরফা নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা ইভিএম দিয়ে জোচ্চুরি নির্বাচন করবেন, সেটা মেনে নিতে হবে। আপনারা গ্যাসের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন; সেটাও মেনে নিতে হবে। আপনারা কারা?

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালে সমর্থনের কথা উল্লেখ করে রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থে তারা এ হরতাল করেছে, এতে বিএনপি সমর্থন দিয়েছে। এর আগেও বলেছি, জনস্বার্থে যারাই কর্মসূচি দেবে, বিএনপি তাদেরকে সমর্থন জানাবে।

ঈশ্বরদীতে শেখ হাসিনার ওপর হামলা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বানোয়াট ও সাজানো মামলায় বিএনপির ৯ জনের ফাঁসি, ২৬ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। যে ঘটনায় কেউ হতাহত হয়নি, সেই মামলায় ফাঁসি হওয়ার কোন আইন পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এ রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।

রিজভী আরও বলেন, রাষ্ট্র ও ক্ষমতাসীন দলের মধ্যকার পার্থক্যের অবসান ঘটেছে। রাষ্ট্র, একব্যক্তি ও দল এখন একাকার। এক ব্যক্তির অঙ্গুলি হেলনে জঙ্গলের শাসন চলছে। বিরোধীদলকে নির্মূল ও নিশ্চিহ্ন করতে আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। বিএনপিসহ বিরোধীদলগুলোকে অপরাধী ও দ্বিতীয় শ্রেণির নাগরিকের মর্যাদায় নামিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে এক ভয়াবহ অশনি সংকেত সুষ্পষ্ট হয়ে উঠেছে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭