ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন উদ্বোধন করলেন শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i72029-ঢাকা_বেনাপোল_রুটে_নতুন_ট্রেন_উদ্বোধন_করলেন_শেখ_হাসিনা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনের পর পরই আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা-বেনাপোল রুটে দেশের প্রথম প্রতিবন্ধী বান্ধব আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং ঢাকা-রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটের ‘বনলতা এক্সপ্রেস’।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৭, ২০১৯ ১৫:০৭ Asia/Dhaka
  • ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন উদ্বোধন করলেন শেখ হাসিনা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনের পর পরই আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা-বেনাপোল রুটে দেশের প্রথম প্রতিবন্ধী বান্ধব আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং ঢাকা-রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটের ‘বনলতা এক্সপ্রেস’।

এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘বনলতা এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বাঁশিতে ফু দিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে ট্রেন দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রথানমন্ত্রী বলেন, দুরবর্তী অঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ স্থাপনের ফলে যাত্রী চলাচল ও মালামাল পরিবহনে সুবিধা বাড়বে। এর ফলে দেশের অর্থনীতিও সচল হবে এবং সোনারবাংলা গড়ার স্বপ্ন পূরণের দিকে দেশ এগিয়ে যাবে।

ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এছাড়া রেলপথ উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ট্রেনে ব্রড গেজ কোচসমূহ এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত হয়েছে।

এদু’টি ট্রেনের নতুন কোচসমূহে বায়ো-টয়লেট সংযোজন ছাড়াও থাকছে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে প্রশস্ত দরজা এবং নির্ধারিত আসনের সুবিধা। যাত্রীসাধারণের জন্য থাকছে আধুনিক ও মানসম্মত চেয়ার, বার্থ, স্টেয়ার, পার্সেল র‍্যাক, টিভি মনিটর, ওয়াই-ফাই রাউটার ও মোবাইল চার্জারের ব্যবস্থা।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭