দুর্নীতি দুর্নীতিই; দুদক চেয়ারম্যানের ‘সরল বিশ্বাস’ কী, তা পরিষ্কার নয়: কাদের
-
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়টি পরিষ্কার হতে হবে। তবে তার বক্তব্যকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। আর সরকার যেকোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে।
আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে দুদক চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির সাংগঠনিক কাজে সরকারের বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোথাও কোন সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিএনপির কল্পিত। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অপপ্রচারে লিপ্ত।
এইচ এম এরশাদ পরবর্তী জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, সংসদে জাতীয় পার্টির অনেকগুলো আসন আছে। এরশাদের অবর্তমানে তাদের দলীয় রাজনীতি কেমন হবে সেটা দলটির অভ্যন্তরীণ ব্যাপার। তবে রাজনীতিতে তারাই টিকে থাকবে, যারা সময়োপযোগী ও যুগোপযোগী রাজনীতি করবে।
উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদেরকে আমরা প্রথমে কারণ দর্শাতে বলি। তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে হবে, কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। সহযোগীদের মধ্যে যারা বিদ্রোহে ছিল বা সহায়তা করেছে, তাদেরও সংশ্লিষ্ট সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ সময়, বন্যা মোকাবিলায় দল ও সরকার যথাযথভাবে কাজ করছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকেও (শুক্রবার) জামালপুর ও গাইবান্ধায় আমাদের প্রতিনিধি গেছেন। আমাদের দলীয় টিম বন্যাদুর্গত এলাকায় যাচ্ছে। সরকারও আন্তরিক,ব্যবস্থা নিচ্ছে।#
পার্সটুডে/শামস মন্ডল/ বাবুল আখতার/ ১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।