রাজপথ দখলে নেয়ার সময় এসে গেছে : জয়নুল আবদিন ফারুক
-
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রাজপথ দখলে নেয়ার সময় এসে গেছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাস্তায় নামি, রাজপথ প্রকম্পিত করি।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এ নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়তার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ।
তিনি আরও বলেন, ১৬ কোটি মানুষের নেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি নেয়া হবে। বরিশালের মহাসমাবেশে দেশবাসী লক্ষাধিক লোকের সমাগম দেখেছে। আগামীকাল চট্টগ্রামে হবে, ২৫ তারিখ হবে খুলনায়। সেগুলোতেও লাখো লোকের সমাগম ঘটবে। আশা করব সরকার খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। তা না হলে সারাদেশে যে তীব্র আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনের তোড়ে অবৈধ সরকারের গদি নড়ে যাবে।
জয়নুল আবদীন ফারুক বলেন, ক্ষমতাসীন দলের অত্যাচার-নির্যাতন-গুম-খুনে জর্জরিত বিএনপি। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই নেত্রী আজ মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে। যতই অত্যাচার-নির্যাতন হোক, যতই মামলা-হামলা হোক বিএনপির ঐক্য আরও জোরদার হচ্ছে। বিএনপির ভিত আরও শক্তিশালী হচ্ছে।
সারা বাংলাদেশের মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে দাবি করে উপদেষ্টা আরও বলেন, সরকার আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে, হত্যা-নির্যাতন করছে। ২৫ লাখের অধিক মামলা বহন করে আমাদের নেতাকর্মীরা জীবনযাপন করছেন। কিন্তু কার কাছে আমরা দাবি করবো। সরকার যদি মানবিক হতো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হতো, তাহলে খালেদা জিয়া এতদিন জেলে থাকতেন না। এ সময়, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবি জানান তিনি।#
পার্সটুডে/শামস মন্ডল/ বাবুল আখতার/ ১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।