সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশ, সুশাসন এখন ইতিহাস: রিজভী
-
রুহুল কবির রিজভী
বাংলাদেশ সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চারদিকে চলছে দুর্নীতির উৎসবের আতশবাজী। সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশ। আইনের শাসন ও সুশাসন এখন ইতিহাসের পান্ডুলিপিতে অবস্থান করছে।
আজ (রোববার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব বন্যাকবলিত মানুষকে রক্ষা করা। যেটা সরকার করছে না। আমরা বিএনপির পক্ষ থেকে যতটা সম্ভব বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছি। এ লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ২১ সদস্যের আহবায়ক কমিটি করা হয়েছে। তারা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সহায়-সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যার্তরা। প্রায় দুই সপ্তাহ ধরে ছোট ছোট নৌকায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। ত্রাণের অভাবে যখন করুণ অবস্থা তখন সরকারের মন্ত্রী-এমপিরা ঢাকায় বসে গলাবাজি করছেন। সরকারের চরম উদাসীনতা প্রমাণ করে, জনগণের প্রতি তাদের ন্যুনতম কোনো দায়বদ্ধতা নেই। তারা জনবিদ্বেষী।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশে ভোটারবিহীন অন্ধকারে নির্বাচিত সরকার দুর্নীতিকে পুরোমাত্রায় প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছে। সামাজিক মূল্যবোধ ধ্বংস করে সরকারের টপ টু বটম ব্যস্ত লুটপাট-ঘুষ-দুর্নীতিতে। দুর্নীতির বিরূপ প্রভাবে অগ্রগতি থমকে গেছে। ক্ষমতা অপব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন নিয়মে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আপাতভাবে আইনের শাসনের অভাব, সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করেছে। নির্বিঘ্নে নিরাপদে প্রশাসনের সহায়তায় রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার জন্য জনগণের কণ্ঠস্বর, গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশী মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে দেড় বছর। প্রধানমন্ত্রীর জিঘাংসার শিকার বেগম খালেদা জিয়া। শেখ হাসিনাই বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছেন।
রিজভী বলেন, বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। টিআইবি’র সর্বশেষ জরিপেও বলা হয়েছে, প্রতিবছর দুর্নীতির মাত্রা বাড়ছে বাংলাদেশে। যেখানে দুদক কর্মকর্তাদেরই যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রমাণ বেরিয়েছে তখন দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া ছাড়া অন্যকোনো বিকল্প থাকে না।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।