মশা নিয়ে রাজনীতি নয়- খোকন : আ. লীগ ডেঙ্গু জ্বর আমদানি করেছে- রিজভী
-
মেয়র সাঈদ খোকন
বাংলাদেশের রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ে জনআতঙ্কের মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে। তবে বৃষ্টিপাত বাড়লে আবারো পরিস্থিতির অবনতি হতে পারে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় সিটি করপোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে রোড শো'র উদ্বোধনী বক্তৃতায় তিনি আরো বলেছেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। মেয়র বলেছেন, ‘নগর কর্তৃপক্ষ সব নাগরিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।‘
এর আগে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ১৯৯৭ সালে মরণঘাতী ডেঙ্গু জ্বর আমদানি করেছে। তখন থেকে এই এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।’ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন রিজভী।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী
ওদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সোমবার বিকেলে কক্সবাজারের অনুষ্ঠিত ‘স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা এবং লিঙ্গ সাপোর্ট’ বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী বলেন, বন্যার কারণে এডিস মশা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মশা উৎপাদন হয় এমন সব স্থানে স্প্রে করা হয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মশা বৃদ্ধি পায়। এর পরও ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যাবে না, এটা আমাদের বিশ্বাস।
সিটি করপোরেশনের পদক্ষেপে হাইকোর্টের অসন্তোষ
তবে, রাজধানী ঢাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশনের নেয়া পদক্ষেপের বিষয়ে দাখিল করা দুটি প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। ওই প্রতিবেদনে সিটি করপোরেশনের নেয়া পদক্ষেপ যথাযথভাবে উঠে না আসায়, দুই সিটির দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হয়েছে। মশকনিধনে সিটি করপোরেশনের কার্যক্রম জানাতে ২৫ জুলাই হাইকোর্টে তাদের হাজির হতে বলা হয়েছে। গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
ওদিকে, রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৪০১ জন বাকি দুজন খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সরকারি হিসাবে বলা হয়েছে, এ পর্যন্ত রাজধানীর বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন এবং বরিশাল বিভাগে ৮ জন। এর বাইরে রাজশাহীতে একজন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ যাবৎ মৃতের সংখ্যা পাঁচজন। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ২০ জনের বেশি।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার মধ্যে ১৬০টিতে ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। হাসপাতালটিতে এখন পর্যন্ত ভর্তি ৫৮৫ ডেঙ্গু রোগীর মধ্যে ১৬০ জন ছাড়া বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বলে আজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩