গুজবে কান দেবেন না- হাসিনা: মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ব্যর্থ- নাসিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i72392-গুজবে_কান_দেবেন_না_হাসিনা_মশা_নিয়ন্ত্রণে_সিটি_কর্পোরেশন_ব্যর্থ_নাসিম
কোনো ধরণের গুজবে কান না দিয়ে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু সংকটে করণীয় নিয়ে আহুত এক সভায় লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী টেলিফোনে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৯:৫৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোনো ধরণের গুজবে কান না দিয়ে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু সংকটে করণীয় নিয়ে আহুত এক সভায় লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী টেলিফোনে এ আহ্বান জানান।

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সবাইকে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ রাজধানী শিশু হাসপাতালে পরিদর্শন করতে গিয়ে ডেঙ্গু পরিস্থিতিকে দুর্যোগ বলে আখ্যা দিয়ে বলেছেন, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে।

২৪ ঘণ্টার ৪ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দু'জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেলে দু'জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা (৪২) সোমবার (২৯ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা গেছেন। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা নয় জনে দাঁড়াল।

হাসপাতাল ভরে গেছে ডেঙ্গু রোগীতে

এদিকে, সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল সব জায়গাই এখন ভরে গেছে ডেঙ্গু রোগীতে। যেখানেই একটু খালি জায়গা পাওয়া যাচ্ছে সেখানে ঠাঁই নিয়ে  চিকিৎসা নেয়ার চেষ্টা করছেন আক্রান্তরা। এ পরিস্থিতিতে কম ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান

অন্যদিকে, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ দুপুরে সচিবালয়ে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর এ আহ্বান জানানো হয়। এছাড়া, ডেঙ্গু চিকিৎসার সংকট কাটাতে প্রশিক্ষণরত চিকিৎসকদের ট্রেনিং বন্ধ করে কর্মস্থলে যোগ দেয়ারও নির্দেশনা দেয়া হয়।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।