ভয়ঙ্কর ডেঙ্গু মশার বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: ওবায়দুল কাদের
-
বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের
এডিস মশার বিস্তার রোধ করে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের আশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সকালে দলের তিনদিনব্যাপী সারাদেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আশাবাদ জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন দলের নেতাকর্মীরা।
ওবায়দুল কাদের বলেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারব না, বিজয়ী হতে পারব না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন না করে আসুন, আমরা একযোগে কাজ করি। এটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবারই দায়িত্ব আছে।
সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর ডেঙ্গু মশার বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। হাসিনার নির্দেশ, পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। আমরা সেটি সফল করার জন্য কাজ করছি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবানও জানান তিনি।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অনেকের পক্ষে ৫০০ টাকা, এক হাজার টাকা দিয়ে রক্ত পরীক্ষা করা সম্ভব নয়। তাই ডাক্তারদের প্রতি আহ্বান জানাবো, মানবতার স্বার্থে নামমাত্র পয়সায় কিংবা বিনা পয়সায় চিকিৎসা সেবা দিন। সারা বাংলাদেশে বিনা পয়সায় রক্ত পরীক্ষা করবে স্বাচিপ; বিএমএ-ও এ কাজটি করবে। মানবতার স্বার্থে সবাই মিলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করবো।

এদিকে, যারা গুজব ছড়ায়, তাদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে গুজব নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তথ্যমন্ত্রী আরও বলেন, কিছুদিন ধরে নানা বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। লন্ডন থেকে পোস্ট দেয়া হয়, পদ্মাসেতুতে একলাখ শিশুর মাথা দেয়া হবে। এর মাধ্যমে ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পরিকল্পিতভাবে কিছু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর, সারাদেশে বিদ্যুৎ থাকবে না গুজব ছড়ানো হয়। আছে বেসিনে হারপিক ঢেলে দেয়ার গুজবও। সম্মিলিতভাবে গুজবগুলো বন্ধে সক্ষম হয়েছি।
এ সময়, গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতাও চান তথ্যমন্ত্রী।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩১