জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i72461-জনগণ_ভেতরে_ভেতরে_প্রস্তুতি_নিচ্ছে_সে_খবর_সরকার_জানে_না_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী নিজেদের অপশাসন বেপরোয়া গতিতে চলমান রাখতে সব অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে কেউ বুঝি কিছু টের পাচ্ছে না। কিন্তু সব অপকর্মের জবাব দিতে জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না। আওয়ামী সরকারের জুলুম থেকে রক্ষা পেতে জনগণ রাজপথে ধেয়ে আসছে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ০৯:০৯ Asia/Dhaka
  • জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী নিজেদের অপশাসন বেপরোয়া গতিতে চলমান রাখতে সব অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে কেউ বুঝি কিছু টের পাচ্ছে না। কিন্তু সব অপকর্মের জবাব দিতে জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না। আওয়ামী সরকারের জুলুম থেকে রক্ষা পেতে জনগণ রাজপথে ধেয়ে আসছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (শুক্রবার) সকালে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নয়াপল্টনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সবকিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানাও বলা হচ্ছে। আসলে আমরা এমন এক নিপীড়ক সরকারের অধীনে বসবাস করছি যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট। প্রকৃত পক্ষে জনগণের ভোটে নয় বরং নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে জোর করে যারা রাষ্ট্রক্ষমতা দখল করে তাদের কাছে জনস্বার্থের কি বা মূল্য আছে।’

ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি কর্পোরেশনের ওষুধে মশা মরছে না। কোটি টাকা লোপাটে ঢাকার দুই সিটি কর্পোরেশন এখন নিজেরাই গারবেজে পরিণত হয়েছে। ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার চরমভাবে শুধু ব্যর্থই নয়, এদের আমলে বছর বছর বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ ও রোগীর সংখ্যা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবারে সব বছরের চেয়ে অত্যধিক বেশি।’

রিজভী বলেন, ‘সরকারের রোষানলের শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মুখ্য। তাই তাঁর ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সরকারের পরিণতি শুভ হবে না। মানুষের ন্যায় বিচারের প্রত্যাশা উচ্চতর আদালতের কাছে থাকে। কারণ নিম্ন আদালত সরকারের হাতের মুঠোয়। গত বুধবার দেশবাসী বিশ্বাস ও আস্থা রেখেছিল উচ্চতর আদালত বেগম জিয়াকে জামিন দেবেন। কিন্তু দেশনেত্রী জামিন না পাওয়ায় দেশের মানুষ হতাশ। এই অবিচারের পরিণতি নিয়ে আমরা শঙ্কিত।’

এর আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে শেষ হয়।

মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২