বিএনপির শীর্ষ চার নেতাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i72579-বিএনপির_শীর্ষ_চার_নেতাকে_৬_সপ্তাহের_মধ্যে_আত্মসমর্পনের_নির্দেশ
হত্যার হুমকির অভিযোগে একজন আইনজীবীর দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির চার নেতাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka
  • বিএনপির শীর্ষ চার নেতাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ
    বিএনপির শীর্ষ চার নেতাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ

হত্যার হুমকির অভিযোগে একজন আইনজীবীর দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির চার নেতাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। তবে এই সময়ের মধ্যে তাদেরকে হেনস্থা বা গ্রেপ্তার না করার নির্দেশ দেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগে মামলার আবেদন জানান।

দলের অন্য নেতারা হলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। মামলায় জামিন চেয়ে আজ মঙ্গলবার সকালে হাইকোর্টে আবেদন জানান বিএনপির চার শীর্ষ নেতা।

প্রসঙ্গত, এবি সিদ্দিকীর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জুলাই বাদীর বাসায় রেজিস্ট্রি ডাকে চিঠি পাঠিয়েছেন বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকিও দেওয়া হয়েছে। চিঠিতে এক মাসের মধ্যেই বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে ওই ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। এরপর ৯ জনকে আসামি করে গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।