কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে জলঘোলা করার চেষ্টা হলে ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক
https://parstoday.ir/bn/news/bangladesh-i72655-কাশ্মীর_ইস্যুতে_বাংলাদেশে_জলঘোলা_করার_চেষ্টা_হলে_ব্যবস্থা_র_্যাব_মহাপরিচালক
কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে কেউ জলঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১২:২৪ Asia/Dhaka
  • র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ
    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে কেউ জলঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের কোন মন্তব্য নেই। দেশে ‘আল্ট্রা-ইসলামিস্টের’ সংখ্যাও খুব বেশি নয়। তারা ২৪ ঘণ্টাই আমাদের নজরদারিতে রয়েছে। আর যে বিষয়টা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সে বিষয় নিয়ে আমার দেশে জলঘোলা করার কোন কারণ দেখি না। এরপরও কেউ অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঈদ নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সামনে দু’টি বড় ইভেন্ট আছে, ঈদুল আজহা ও ১৫ আগস্ট। ঈগের আগে, ঈদের দিন ও ঈদ পরবর্তী নিরাপত্তার বিষয়ে আলাদা পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী পুরো কার্যক্রম চলছে।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে র‌্যাব সদস্যরা কাজ করছেন। হাটে জাল টাকা ও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে তারা তৎপর রয়েছেন। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে।

তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার জন্য এবার অনেক সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যানবাহনের গতি কমে গেছে। আর সারাদেশে মহাসড়কে ৪২টি দুর্ঘটনাপ্রবণ এলাকা শনাক্ত করা হয়েছে। সেসব স্থানে যেন দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের নজরদারি রয়েছে। তবে, এ বিষয়ে চালকদের ভূমিকার পাশাপাশি যাত্রীদেরও দায়িত্ব রয়েছে।

বেনজীর আহমেদ বলেন, ডেঙ্গু নিয়ে ব্যক্তিপর্যায়ে সচেতন থাকলে চ্যালেঞ্জ কঠিন হবে না। সবাই নিজের বাড়ি ও এলাকা পরিস্কার রাখলেই সমস্যার সমাধান সম্ভব। র‌্যাবের প্রত্যেক ব্যটালিয়নে একজনকে ডেঙ্গুর বিষয়ে অ্যাসাইন করা হয়েছে। তিনি সার্বিক বিষয় মনিটরিং করছেন।

এ সময়, র‌্যাব-৭’র সাবেক অধিনায়ক হাসিনুর রহমান নিখোঁজের বিষয়ে তিনি বলেন, অনেক মানুষকেই তো খুঁজে পাওয়া যায় না। এটা শুধু বাংলাদেশে নয়; আমেরিকা, ব্রিটেন, ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়া কোন বাহিনীর ব্যর্থতা নয়। এ নিয়ে আমরা কাজ করছি।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।