এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72657-এডিস_মশা_মানুষের_চেয়ে_শক্তিশালী_নয়_ওবায়দুল_কাদের
দ্রুতই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারবো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১২:৪১ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দ্রুতই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারবো।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ে-এডিস মশা নিয়ে আর মৌসুমি প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতা প্রোগ্রাম এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে।

দেশের উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছে, সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কে কী বললো সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে আমরা যা বলেছি তা করছি কিনা। দুই একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে আমাদের সার্বিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন, ডেঙ্গু জ্বর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে এডিস মশার ভয় কাজ করছে। আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট নিয়ে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি, কারো জ্বর জ্বর ভাব হলে তিনি যাতে গ্রামে যাওয়ার আগে রক্ত পরীক্ষা করে যান। ঈদের সময়টাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় অসাবধানতাবশত ডেঙ্গু রোগ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরও জানান, মশা মারার ওষুধ এরইমধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটাও শুরু হয়ে যাবে। আমরা আশা করি, কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখনই নিয়ন্ত্রণে এসেছে, একথা আমি দাবি করতে পারবো না। তবে ঈদের মধ্যে যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।

সরকারের পাশাপাশি জনগণকে ডেঙ্গু রোগ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে পরিস্থিতি খুব সজজেই মোকাবিলা করা সম্ভব।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।