একদিকে ডেঙ্গু আতঙ্ক অন্যদিকে ঈদমুখো মানুষের দুর্ভোগ: ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশবাসীকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারকার ঈদ মানুষের মধ্যে অনেক সমস্যা নিয়ে এসেছে। একদিকে ডেঙ্গু আতঙ্ক অন্যদিকে ঈদমুখো মানুষের দুর্ভোগ। তবুও আশা করব সকল দুর্ভোগ কাটিয়ে দেশের মানুষ ঈদের আনন্দ ভাগ করে নেবে এবং ঈদ উদযাপন করবে।
আজ (রোববার) সকাল ১০টায় নিজ জেলা ঠাকুরগাঁও শহরস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যানজটের কথা অস্বীকার করলেও অপরিকল্পিত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার কারণে ঈদ পালন করতে ঘরমুখো মানুষের নাকাল হতে হচ্ছে।
এসময় মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। কারণ এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তিনি মানুষের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন। তিনি গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
ঈদ-উল আজহা আহাজারিতে পরিণত হয়েছে: রিজভী
এদিকে, রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পরিবার পরিজন নিয়ে পথে পথে ও টার্মিনালে অপেক্ষমান মানুষের চরম দুর্ভোগ চলছে। আর এটাকেই সেতুমন্ত্রী বলছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দঘন। আওয়ামী লীগের কাজই হলো মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ইয়ার্কি করা, তামাশা করা।
রিজভী উল্লেখ করেন, এডিস মশার কারণে মানুষ আতঙ্কিত। বানভাসী মানুষের দুর্দশা শোচনীয়। গুম-ক্রসফায়ারের সংখ্যা ক্রমবর্ধমান। খুন-ধর্ষণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইন আদালতকে ক্ষমতাসীনরা নিজেদের ইচ্ছানুযায়ী ব্যবহার করছে। দুর্নীতিতে দেশ সয়লাব। এ পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষদের ঈদ-উল আজহা আজ আহাজারিতে পরিণত হয়েছে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।