নিরবতা ভাঙল বিএনপি: আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i72785-নিরবতা_ভাঙল_বিএনপি_আলোচনার_মাধ্যমে_কাশ্মীর_সমস্যা_সমাধানের_আহ্বান
ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার এক সপ্তাহ পর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই উৎকণ্ঠার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ০৭:৪২ Asia/Dhaka
  • কাশ্মীরে কারফিউ অব্যাহত
    কাশ্মীরে কারফিউ অব্যাহত

ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার এক সপ্তাহ পর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই উৎকণ্ঠার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির বিবৃতিতে বলা হয়, “উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী। গণমাধ্যম সূত্রে অবহিত হয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাশ্মীর রাজ্যের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে নিবিড়ভাবে বিএনপি পর্যবেক্ষণ করছে

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানিয়েছে, তা সময়োচিত আহ্বান হিসেবে বিএনপিকে আশ্বস্ত করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান তৈরি করার যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে বিএনপি মনে করে।

 রুহুল কবির রিজভী

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবে বলেও বিএনপি বিশ্বাস করে। কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে বিএনপি গভীর আশাবাদ ব্যক্ত করছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে বহু বছর ধরে চলে আসা কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে কাশ্মীরিরা। ৫ আগস্ট সকাল থেকে জম্মু-কাশ্মীর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনো গণপরিবহন চলাচল করছে না সড়কে। ইন্টারনেট-মোবাইল পরিসেবাও সীমিত। শুক্রবার জুমার নামাজ ও ঈদকে সামনে রেখে কারফিউ শিথিলের ঘোষণা দিয়েও রোববার তা পুনর্বহাল করা হয়।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩