সরকার আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i72875-সরকার_আবার_একদলীয়_শাসন_প্রতিষ্ঠা_করতে_চায়_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত চালাচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য দেশে কেবল একটি দল থাকবে, আর কোনো দল থাকবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৭, ২০১৯ ১৩:৫৯ Asia/Dhaka
  • সরকার আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত চালাচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য দেশে কেবল একটি দল থাকবে, আর কোনো দল থাকবে না।

আজ (শনিবার) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ তার অনুসারীরা বিএনপিতে যোগদান করেন। বিএনপি মহাসচিব তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় মির্জা ফখরুল বলেন, সরকার এমন নীতি গ্রহণ করেছে করছে যেন রাজনৈতিক দলগুলো রাজনীতি না করতে পারে; বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার না থাকে। এজন্য একে একে সংবিধানে পরিবর্তন নিয়ে এসেছে। আগে তারা বাকশাল কায়েম করেছিল এখন তারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। এটাই তাদের মূল উদ্দেশ্য। 

মির্জা ফখরুল আরও বলেন, যখন বর্তমান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে, এক লাখের উপরে মামলা করা হয়েছে। যখন বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই সময় করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা।

এর আগে আজ সকালে মিরপুরে ঝিলপাড় আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, এই মিরপুরেই কালশীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে মানুষ মারা গেছে। গত কালকের এরকম আর একটি বড় বস্তিতে অগ্নিকাণ্ডে এখানে ৩০ হাজারের বেশী নিম্ন আয়ের মানুষ তাদের সর্বস্ব হারিয়েছে। তাদের তিন হাজারের বেশী বস্তি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। #

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭