রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i73224-রোহিঙ্গাদের_নিয়ে_বিএনপি_রাজনীতি_করতে_চায়_তথ্যমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গারা ফেরত যাক, বিএনপি এটা চায় না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো তাদের উদ্দেশ্য।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ১১:৩৯ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গারা ফেরত যাক, বিএনপি এটা চায় না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো তাদের উদ্দেশ্য।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যে পথে হাঁটছে, সেটাই সঠিক পথ। কোনও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।

বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথমে তারা জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিল। প্রতিবাদের মুখে সেদিন তারা সফল হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন শুধু কবিতায় কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না। ছেঁড়া কাপড় পড়া মানুষ পাওয়া যায় না। এক সময় পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি হতো; এখন আমরা বিদেশে নতুন কাপড় রফতানি করি। সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।

আনিসুল হক

আওয়ামী লীগ নয়, জিয়ার হাত রক্তে রঞ্জিত: আইনমন্ত্রী

এদিকে, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল তিনি।

আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। সেখানে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তিনি।

আনিসুল হক আরও বলেন, খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রিসভা করেছিল। ১৯৭১ সালে যে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল খালেদা জিয়া। এছাড়া ফখরুল সাহেব যে বলেন- রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত- ওনি ওনার হাতটা একটু দেখে নিক, ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর অন্যের দোষ দিয়েন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।