আরও দু’টি বোয়িং বিমান কেনার আগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i73745-আরও_দু’টি_বোয়িং_বিমান_কেনার_আগ্রহ_প্রকাশ_করলেন_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য আরও দুটি বোয়িং কেনার ইঙ্গিত দিয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমানের বহরে চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’–এর যুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ বিষয়ে নিজের আগ্রহের কথা জানান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১৯:০০ Asia/Dhaka
  • বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের পর পাইলট ও ক্রুদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের পর পাইলট ও ক্রুদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য আরও দুটি বোয়িং কেনার ইঙ্গিত দিয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমানের বহরে চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’–এর যুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ বিষয়ে নিজের আগ্রহের কথা জানান।

শেখ হাসিনা বলেন, আমরা তিনটা ৭৭৭-৩০০ ইআর বিমান এনেছি। ৭৮৭-৮ এনেছি চারটা। ড্যাশ বোম্বার্ডিয়ার আসছে আরও তিনটা। আমরা খবর পেয়েছি বোয়িং আরও দুটি বিমান বিক্রি করবে। এখন পর্যন্ত কেউ অর্ডার দেয়নি। সুযোগটা আমরা নেব। আমাদের রিজার্ভ মানি যথেষ্ট ভালো অবস্থায় আছে। আমার মনে হয় কোনো সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা দুটো কার্গো বিমান কিনব, কার্গো ভিলেজ করে দেবো। রফতানি বাড়ানোর জন্য সব পদক্ষেপ নেব। বাংলাদেশকে উন্নত দেশ করতে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। কক্সবাজার, সিলেট, রাজশাহী, বরিশালসহ সব বিমানবন্দর আরও উন্নত করার কাজ করছি।’’

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, “এতো কষ্ট করে যে বিমান কিনে দিয়েছি, সেটার যাতে যত্ন হয়, নষ্ট না হয় তা আন্তরিকতা দিয়ে দেখতে হবে। যাত্রীসেবার বিষয়টিও সততা ও নিষ্ঠার সঙ্গে নিশ্চিত করতে হবে। আমরা পূর্ব ও পশ্চিমের মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারি। লন্ডনে বিমানের আরও দুটো স্লট নেওয়ার চেষ্টা করছি। আর বোয়িং যদি আমেরিকায় না যায় এটা তাদেরই মানসম্মানের ব্যাপার। এখানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি দেখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)-এর ভিভিআইপি টারমাকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বিমানের ভেতর যান এবং বিমানের পাইলট ও ক্রুদের সঙ্গে কথা বলেন। এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ‘বিমানের’ বহরে যুক্ত হওয়া ১৬তম বিমান। এর আগে, গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশ বীণাহংসবলাকা ঢাকায় এসে পৌঁছায়। গত জুলাই মাসে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাঙচিল ঢাকায় অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ড্রিমলাইনারগুলোর নাম রাখেন।#