শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা
-
শামসুজ্জামান দুদু
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা রুজু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে মামলার আবেদন জমা দেন। আবেদনের ওপর শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ‘আসামি শামসুজ্জামান দুদু গত ১৮ সেপ্টেম্বর বনানীর নিজ বাসভবনে বেসরকারী টেলিভিশন ডিবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনারও বিদায় হবে।' দুদুর এ বক্তব্যটি প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। আসামি এ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।’
মামলাটিতে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছেন বাদী। এছাড়াও মামলায় বাদী নিজেসহ চারজন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার রাতে শামসুজ্জামান দুদুর নিজ জেলা চুয়াডাঙ্গায় স্থানীয় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দু’দফা মিছিল ও সমাবেশ করে দুদুর কুশপুত্তলিকা দাহ ও তার পৈতৃক বাসভবন ভাঙচুর করেছে।
বুধবার রাতে জেলা শহরের চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতারা। এছাড়া, তাঁকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
এদিকে, বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শামসুজ্জামান দুদুর বড় ভাই অ্যাড. মনিরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে আসবাব ও ঘরের দরজা ভাঙচুর করেন। এ হামলায় মাথায় আঘাত পেয়েছেন তারিকুজ্জামান সজিবের স্ত্রী গৃহবধূ সজিফা খাতুন রত্না।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গা শহরের বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে একটি বিবৃতি দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফখরুল বলেন, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি কাপুরুষোচিত এবং নজিরবিহীন গুণ্ডামি। মানুষের বাকস্বাধীনতাকে খর্ব করতে এই হামলা সমগ্র জনগোষ্ঠীর জন্য একটি সতর্কবার্তা দিয়েছে আওয়ামী লীগ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন