যারাই আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা : কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
শুধু ছাত্রলীগ-যুবলীগ নয়, যারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেস টু কেস ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যুবলীগ, ছাত্রলীগ এগুলো বিচ্ছিন্ন কিছু না। শুধু যে তাদের বিরুদ্ধেই এমন অ্যাকশন হচ্ছে তা কিন্তু নয়। এটা সারাদেশেই পরিচালিত হবে। যদি আওয়ামী লীগের কেউ এরসঙ্গে জড়িত থাকে, তাদেরও সতর্ক হওয়া উচিত।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাধারণ সম্পাদক।
দলের যেসব নেতা অপকর্মের সাথে জড়িত, তারা নজরদারিতে রয়েছে জানিয়ে তিনি বলেন, জিরো টলারেন্স নীতি মেনে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আর সরকার প্রধানের নির্দেশেই এমন অ্যাকশন শুরু হয়েছে, এটা বুঝতে না পারা বোকামি। এমন অভিযান আরো চলবে। এতে প্রশাসন ও রাজনৈতিক গডফাদার, কেউ রেহাই পাবেন না।
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের সময়ও এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোন অ্যাকশন নেয়নি।
তিনি আরও বলেন, বিএনপি যা করতে পারেনি, সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।
যেইভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেইভাবে শেখ হাসিনা বিদায় হবে- বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দুদু তো ঐ দলের ভাইস প্রেসিডেন্ট। সেক্ষেত্রে, ফখরুলকে জবাব দিতে হবে এটা পার্টির বক্তব্য কিনা। আন্দোলনে ব্যর্থ হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে এই দল ও দলের নেতারা আরো একটি ২১ আগস্ট রচনার জন্য উঠে পড়ে লেগেছে।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন