রাজনৈতিক দলের কার্যক্রমে আদালতের হস্তক্ষেপের এমন নজির নেই: রিজভী
-
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে কখনোই রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা হস্তক্ষেপ করছে- এমনটা দেখা যায়নি। আর এখন ছাত্রদলকে ধ্বংস করার জন্য আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে এতই ভয় পায় যে, ছাত্রদলের কমিটি নিয়েও তাদের গায়ে জ্বালা ধরেছে।
আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল (সোমবার) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
রিজভী আরও বলেন, আরপিও দ্বারা সিদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কোনো কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ার আদালতের নেই।
তিনি আরও বলেন, ছাত্রদলের সম্মেলন এবং নির্বাচন হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। নেতাকর্মীরা সেভাবে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু ১২ সেপ্টেম্বর অফিস টাইম শেষ হওয়ার পূর্বমুহূর্তে তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ক্ষমতার অপব্যবহার করে আদালত রায়ের নামে ক্ষমতাসীনদের ইচ্ছা বাস্তবায়ন করলেন। এই রায়ের আসল উদ্দেশ্য ছিল ছাত্রদলের কাউন্সিলকে বানচাল করা।
বিএনপির এ নেতা বলেন, আমরা বার বার গণতান্ত্রিক পথে হাঁটতে চেয়েছি। কিন্তু সরকার নিজেও গণতন্ত্র চর্চা করছে না, আমাদেরকেও করতে দিচ্ছে না। একটি রাষ্ট্রে যখন ক্ষমতাসীনরা স্বৈরাচারী আচরণ করে, দুর্বৃত্তপরায়ণ হয়ে ওঠে তখন গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয় হয় আদালত। কিন্তু এখন আদালত যেন হয়ে উঠেছে ক্ষমতাসীনদের অশুভ ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার।
রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কার্যক্রমে আদালত হস্তক্ষেপ করতে পারে না উল্লেখ করে রিজভী বলেন, সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা কমপক্ষে ৩৬ লাখ। দেশে এতো মামলা রেখে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা দূরভিসন্ধিমূলক। যে দেশের মানুষ বিচার চেয়েও পায় না, আর ছাত্রদলের গণতান্ত্রিক রাজনীতি চর্চার বিরুদ্ধে হুটহাট মামলার রায় বের করে নিয়ে আসতে একঘন্টা সময় লাগে না।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়েছে। আগামী ৯ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ (মঙ্গলবার) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ অস্থায়ী আদালতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানির নতুন দিন ধার্য করেন।
মঙ্গলবার আদালতে মামলাটির চার্জ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন