বাংলাদেশে দুর্নীতি বাড়ছে: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i74046-বাংলাদেশে_দুর্নীতি_বাড়ছে_রাজনৈতিক_অঙ্গনে_প্রতিক্রিয়া
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আপনারা সময় হলেই দেখবেন। ‘সম্রাট’ হোক যে-ই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব।“
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৫:৩৬ Asia/Dhaka
  • বিপুল পরিমাণ অবৈধ অর্থসহ আটক জি কে শামীম
    বিপুল পরিমাণ অবৈধ অর্থসহ আটক জি কে শামীম

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আপনারা সময় হলেই দেখবেন। ‘সম্রাট’ হোক যে-ই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব।“

আজ (শনিবার) হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখনই পাব তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা কোনো শুদ্ধি অভিযান না। এটা সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করছি।’

 আসাদুজ্জামান খান কামাল 

এদিকে, সরকারের আইনমন্ত্রী আনিসুল হক আজ আক্ষেপ করে বলেছেন, দেশে উন্নয়নের গতি ও শিক্ষার হার বাড়লেও সামাজিক অপরাধ কমছে না।  

আজ রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বর্তমানে সমাজের বড় একটি সমস্যা দুর্নীতি। দুর্নীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নীতি যা সমাজের বিরাট অংশকে শোষিত ও বঞ্চিত করছে। সমাজে ব্যাপক বৈষম্য তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’

আনিসুল হক

আনিসুল হক বলেন, ‘সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এ নীতি বাস্তবায়নে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা দুর্নীতি দূর করে সুনীতি প্রতিষ্ঠা করতে চাই।’

এছাড়া, রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক না কেন তারা কেউই পার পাবে না। ক্যাসিনোর সঙ্গে আওয়ামী বা বিএনপির যারাই জড়িত আছেন কারও রেহাই নেই।

মাহবুব উল আলম হানিফ

আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হানিফ বলেন, ‘শেখ হাসিনা কঠিন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু দেশ নয়, নিজ গুণে তিনি এখন বিশ্ব নেতাদের কাতারে নতুন উচ্চতায় পৌঁছেছেন। এত উন্নয়নের পরও যাদের কারণে দল বিতর্কিত হচ্ছে তাদের কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ।’

তবে, দুর্নীতি প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা সকল মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব দেখতে চাই। আর এই হিসাবটা জনসম্মুখে দিতে হবে। আমরা আরো জানতে চাই, মন্ত্রী হওয়ার আগে এবং যারা আগে মন্ত্রী ছিলেন- তাদের আগে কত সম্পদ ছিল এবং এখন কত সম্পদ বেড়েছে।

ব্যারিস্টার মওদুদ আহমদ

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতি সামাল দেওয়ার শক্তি সরকার হারিয়ে ফেলেছে।

ওদিকে, জাতীয় প্রেস ক্লাবে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ক্যাসিনোকাণ্ডে সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাশেদ খান মেনন

সাম্প্রতিক ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে মতিঝিল এলাকার সংসদ সদস্য রাশেদ খান মেননের পরিচ্ছন্ন ইমেজকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যমূলক প্রচারণা চলছে বলে দাবি করেছে আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

দলটির পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো বসানোর বিষয়টি রাশেদ খান মেনন জানতেন না। এর আগে রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেছেন যে, ফকিরাপুল ক্লাবটি একটি ফুটবল ক্লাব এবং তিন বছর আগে ক্লাবটির কমিটি পুনর্গঠিত হওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য হিসেবে তাকে ক্লাবের পৃষ্ঠপোষক হতে অনুরোধ করা হয় এবং গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে তার নাম রাখা হয়েছে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।