যারাই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i74152-যারাই_দুর্নীতির_সঙ্গে_জড়িত_তাদের_বিরুদ্ধেই_ব্যবস্থা_নেব_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতিবাজ আত্মীয়, দলীয় যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। যারাই এর সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০২, ২০১৯ ১৩:৫২ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতিবাজ আত্মীয়, দলীয় যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। যারাই এর সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।

আজ (বুধবার) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) এর বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সতর্কবাণী উচ্চারণ করেন।

উন্নয়ন প্রকল্পের প্রতিটি অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি (প্রকল্পের টাকা) উইপোকা খেয়ে ফেলে। আমরা এসব পোকা ধরা ও বিনাশ করার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য জনগণের কষ্টার্জিত প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যবহার করা হয় সেটি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছি।’

বিএস-১ এর মাধ্যমে টেলিভিশন চ্যানেল সম্প্রচার হওয়ায় সম্প্রচার মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, 'আজ আমি খুবই আনন্দিত যে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিক কার্যকম শুরু করেছে। আশাকরি ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমগুলোর আরও অনেক বাধা দূর হবে। পরনির্ভরশীলতা থাকবে না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলাম।’

প্রধানমন্ত্রী আরও বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অনেক সহজে বার্তা পৌঁছাবে। আমরা আশপাশের দেশগুলোর কাছেও অফার করেছি। তারাও চাইলে ভাড়া নিতে পারবে এর ট্রান্সপন্ডার। এখান থেকেও আমরা অর্থ উপার্জন করতে পারবো।

ফ্রান্সের সহযোগিতায় প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটালাইট (বিএস-১) ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। গত বছরের নভেম্বর মাসে  এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)–এর  কাছে হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভির চারটি চ্যানেল  বাংলাদেশি স্যাটেলাইটটি ব্যবহার করে ইতোমধ্যেই অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে। এ ছাড়াও আরো ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এই টিভি চ্যানেলগুলো হচ্ছে, সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।