খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারের সহায়তা চাওয়া আত্মসমর্পন নয়: কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতাদের সরকারের সহযোগিতা চাওয়াকে আত্মসমর্পন বা নত হওয়া বলতে নারাজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চাওয়া তাদের দায়িত্ব। এটা অন্য কিছু নয়।
আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিভিন্ন সমস্যায় একদলের সঙ্গে অন্য দলের সহযোগিতা চাওয়াটা হলো কর্মসম্পর্ক। এটা আগে ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অবস্থায় সৃষ্টি করেছেন। এটাকে আত্মসমর্পন বলা ঠিক হবে না। এটাই গণতান্ত্রিক চর্চা। বিএনপি সেই পরিস্থিতি না রাখলেও প্রধানমন্ত্রী তা মনে রাখেননি। তাদের সময় দিচ্ছেন, সমস্যা শুনছেন।
খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যা বলছেন, তার সঙ্গে চিকিৎসকদের কথার কোন মিল নেই। এ বিষয়ে চিকিৎসকরা কিছু বললে, তখন ব্যবস্থা নেয়া যাবে।
আইনি লড়াই করে লাভ হবে না, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যকে স্বাগত জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা চাই তারা তাদের দলের প্রধানকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করুক। কিন্তু তারা চারদিনও এক হাজার মানুষ নিয়ে আন্দোলনে নামতে পারেননি।
এ সময়, চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিগত দিনে যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ ছোট-খাটো অপরাধী নন। অপেক্ষা করুন, আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বেন।
এ সময়, আওয়ামী লীগকে ঢেলে সাজাতে নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের কমিটি পুনর্গঠনের কথাও জানান তিনি। এছাড়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোন কমিটিতে অনুপ্রবেশকারী, অপকর্মকারীরা ঢুকতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, আইনি পথ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়া কোন রাজনৈতিক বন্দি নয়। দুর্নীতির দায়ে সাজা পেয়েছেন। তাই তাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়াতেই মুক্ত করতে হবে। আন্দোলন করে কোন লাভ হবে না।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময়, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা নিয়ে উইকিলিকসের তথ্যের বিষয়ে বিএনপির বক্তব্য জানতে চান তিনি।#
পার্সটুডে/শামস মন্ডল/ বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।