১০ দফা দাবি মানার পরও বুয়েটে আন্দোলন কেন: প্রশ্ন শেখ হাসিনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i74399-১০_দফা_দাবি_মানার_পরও_বুয়েটে_আন্দোলন_কেন_প্রশ্ন_শেখ_হাসিনার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ দফার সব দফা মেনে নিয়েছেন উপাচার্য। তারপরও নাকি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন করার কী যৌক্তিকতা থাকতে পারে?
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ০৯:৩২ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ দফার সব দফা মেনে নিয়েছেন উপাচার্য। তারপরও নাকি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন করার কী যৌক্তিকতা থাকতে পারে?

আজ (শনিবার) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলয়নায়তনে মহিলা শ্রমিক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বুয়েটে হত্যাকাণ্ডের খবর শোনার পর আমি কোনো আন্দোলনের অপেক্ষা করিনি। সঙ্গে সঙ্গেই পুলিশকে নির্দেশ দিয়েছি, অভিযুক্তদের গ্রেফতার কর। ভিডিও ফুটেজ থেকে সমস্ত তথ্য সংগ্রহ কর। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রাখতে হবে। 

সরকারপ্রধান বলেন, ‘কোনো অন্যায়–অবিচার আমরা সহ্য করি নাই, ভবিষ্যতেও করব না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

প্রধানমন্ত্রী বলেন, খুনিকে খুনি হিসেবেই তাঁর সরকার দেখে। তিনি বলেন, তিনি এক মিনিটও দেরি করেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কারণ, এ ধরনের অন্যায় কখনোই মেনে নেওয়া যায় না।

এসময় তিনি ইসলাম ধর্মে নারীদের পর্দা করার কথা বলা হলেও ধর্মের নামে তাদের ঘরে আটকে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেন। মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর স্ত্রী খাদিজা সালামুল্লাহি আলাইহা’র উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? ইসলাম ধর্ম প্রচারে প্রথম সহায়তা কে করেছিলেন? তিনি বিবি খাদিজা (রা.)। মহানবী (রা.) যখন ইসলাম ধর্ম প্রচার করছিলেন, তখন তো তিনিই এগিয়ে এসেছিলেন। তিনি সব সম্পদ দিয়ে দিলেন ধর্ম প্রচারের জন্য। সেই বিবি খাদিজা (রা.) ব্যবসা-বাণিজ্য করতেন। উটে চড়ে ব্যবসার জন্য দেশে দেশে যেতেন। কাজেই মেয়েদের ধর্মের নামে ঘরে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

শিক্ষা, চাকরি, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনো সমাজের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে নারীদের বাদ দিয়ে কোনোভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ সারাদেশের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তাই আমরা শুরু থেকেই সবসময় নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কাজ করে যাচ্ছি।

মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথির সভাপতিত্বে সংগঠনটির এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০০৯ সালে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।