দুর্নীতিবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিচ্ছেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i74593-দুর্নীতিবিরোধী_অভিযানে_প্রধানমন্ত্রী_কাউকেই_ছাড়_দিচ্ছেন_না_স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনও সেক্টরকে টার্গেট বা আলাদা করে দেখা হচ্ছে না। ক্যাসিনো ও টেন্ডারবাজি বড় বিষয় নয়, যেখানেই দুর্নীতি ও অনিয়ম হচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। কোনও এলাকাকে আলাদা করে দেখা হচ্ছে না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৯, ২০১৯ ১২:৪৪ Asia/Dhaka
  • (বামে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    (বামে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনও সেক্টরকে টার্গেট বা আলাদা করে দেখা হচ্ছে না। ক্যাসিনো ও টেন্ডারবাজি বড় বিষয় নয়, যেখানেই দুর্নীতি ও অনিয়ম হচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। কোনও এলাকাকে আলাদা করে দেখা হচ্ছে না।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) হল রুমে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ বিষয়ের ওপর এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো জিনিসের ওপর জোর দিয়েছেন। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করেছেন। এই টার্মে এসে তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। সুশাসনের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের মাঝে যে স্বপ্নের বাংলাদেশ রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী কাজ করছেন।’

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল পর্যায় ঢেলে সাজানো হচ্ছে যাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য সাসটেইনেবল সিকিউরিটি প্রতিষ্ঠা করা যায়।আবরার হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর যারা দোষী ছিল তাদের ধরা হয়েছে। তারাও মেধাবী শিক্ষার্থী। কিন্তু তাদের মস্তিষ্ক এভাবে বিকৃত হবে এটা আমরা কখনও ভাবিনি। অতি দ্রুত আবরার হত্যার চার্জশিট জমার নির্দেশ দেয়া হয়েছে। একটি নির্ভুল চার্জশিট তৈরির কাজ চলছে।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আহ্বান তারা যেন মাদকের সঙ্গে জড়িয়ে না যায়। তাহলে আমাদের নতুন প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে। আমরা চাই, নতুন প্রজন্ম আমরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা পূরণ করবে। নতুন প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে কোনো বাধাই আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারবে না। 

ছায়া সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধীদলের ভূমিকায় ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়ী হয়। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।