মেননের উচিত সংসদ থেকে পদত্যাগ করা: সাইফুদ্দিন মনি
-
রাশেদ খান মেনন ও সাইফদ্দিন মনি
ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, "বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও ভোট দিতে পারেনি। দেশের মানুষ গত নির্বাচনে আমিসহ যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে দেশের জনগণ ভোট দেয় নাই। ভোটাররা কেউ ভোট কেন্দ্রে আসতে পারেনি।"
গতকাল (শনিবার) বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির জেলা কমিটির সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
হাসিনা সরকারের সাবেক মন্ত্রী মেনন এ সময় আরো স্বীকার করেন, "আজ দেশের ভোটাধিকার হরণ করেছে সরকার। সরকার দেশব্যাপী উন্নয়নের রোল মডেল করেছে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। অথচ, উন্নয়নের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। উন্নয়নের নামে আজ দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার, তাই কেউ মুখ খুলে মত প্রকাশ করতে পারে না।"
এ প্রসঙ্গে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফদ্দিন মনি রেডিও তেহরানকে বলেন, রাশেদ খান মেননের এটা যদি আন্তরিক স্বীকারোক্তি হয়ে থাকে তবে তার উচিত দলের অপর সদস্যদের নিয়ে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করা এবং অবৈধ সরকারের পতনের জন্য জনগণের চলমান আন্দোলনে যোগ দেওয়া।
বরিশালের সম্মেলনে মেনন আরো বলেছেন, শেখ হাসিনা দুর্নীতিবাজ লুটেরাদের আড়াল করে যতই শুদ্ধি অভিযান চালান তাতেই কিছুই হবে না। ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে।
রাশেদ খান মেনন বলেছেন, বিগত সরকারের প্রধান খালেদা জিয়া ও ও তার হাওয়া ভবনে বসে দুর্নীতি লুটপাট করার কারণে কেউ সাজা ভোগ করছে, অন্যরা পালিয়ে গেছে। তিনি প্রশ্ন রাখেন, এখন সরকারে থেকে যারা দুর্নীতি লুটপাট সহ বিদেশে অর্থ পাচার করছে তাদের বিচার করবে কে?#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।