বিশ্বের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়াতে কাজ চলছে: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আকাশপথে বিশ্বের দূরবর্তী গন্তব্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ- এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানের আধুনিকরণের কাজ চলমান রয়েছে।
আজ (বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিমান এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে আকাশ পথে যোগাযোগ স্থাপনে আরও দুটি উড়োজাহাজ কেনার প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী বিমান বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেইফটি সেমিনার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সেমিনার উদ্বোধন করেন।
আজারবাইজান সফর
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে আগামীকাল (বৃহস্পতিবার) আজারবাইজান সফরে যাচ্ছেন। ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের সম্মেলন শুক্র ও শনিবার আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
শুক্রবার ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।
সন্ধ্যায় আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় আজারবাইজানে তিনি বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন। এরপর রোববার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।