সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুর সংখ্যা বেড়ে ৭; বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা
-
বাবা-মায়ের আহাজারি
বাংলাদেশের রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েছে। চিকিৎসাধীন আরেক শিশু মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত সাত শিশুর মৃত্যু হলো। গতকাল (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নেহাল নামের ৮ বছরের শিশুটি মারা যায়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সারোয়ারের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া নেহালের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
অন্যান্য দিনের মতো গতকালও একটি ভ্যানগাড়িতে করে এক ব্যক্তি মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করছিলেন। তিনি গতকাল বিকেলে রূপনগর ১১ নম্বর সড়কের শেষ মাথায় ফজর মাতবরের বস্তির সামনে বেলুন বিক্রি করতে গেলে বস্তির শিশুরা তাকে ঘিরে ধরে। এ সময় সিলিন্ডারে পাউডার জাতীয় কিছু একটা ভরছিলেন ওই বেলুন বিক্রেতা। এর পরপরই হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে চার শিশুর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পেটে আঘাত পাওয়া আরেক শিশু দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে লুটিয়ে পড়ে। পরে সেখানেই তার মৃত্যু হয়। পরে আরও এক শিশু মারা যায়। ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিস্ফোরণে বেলুন বিক্রেতাও আহত হয়েছেন এবং তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।