শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়াল কেন-হাঙরও ধরা পড়বে: খালিদ মাহমুদ
-
খালিদ মাহমুদ চৌধুরী
বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অপেক্ষায় থাকুন, শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়াল কেন— হাঙরও ধরা পড়বে। দুর্নীতিবাজ কাউকেও ছাড় দেয়া হবে না।
আজ (শনিবার) সকালে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আজ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপি’র কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। এদেশ থেকে একদিন বিএনপি হারিয়ে যাবে। আগামী দিনে বাংলাদেশে বিএনপি’র নাম কেউ মুখে আনবে না বলেও এ সময় মন্তব্য করেন খালিদ মাহমুদ।
বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অনেকে।
সভায় উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. আব্দুল লতিফ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।