বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i75147-বিএনপির_বিরুদ্ধে_আবারও_ষড়যন্ত্রের_আভাস_পাওয়া_যাচ্ছে_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দলের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তবে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। কেউ এ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে নিজেরাই ফেটে যাবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৯ ১৩:৫১ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দলের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তবে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। কেউ এ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে নিজেরাই ফেটে যাবেন।

আজ (রোববার) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, বার বার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন, ওয়ান-ইলেভেনের আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান ইলেভেনেও ষড়যন্ত্র হয়েছে। আবার এখন কিছু ষড়যন্ত্রের নানা কথাবার্তার আভাস আমরা শুনতে পাই।

বিশাল পর্বতমালা থেকে দু-একটা পাথর এদিক-সেদিক খসে পড়লে কোনো ক্ষতি হয় না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। অনেক তো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি। কারণ এই দেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বিএনপির এ নেতা বলেন, আজ বাংলাদেশে ভিন্ন ধরনের একটা আইয়ামে জাহেলিয়া যুগ চলছে। এটা আওয়ামী জাহেলিয়া যুগ। মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিল এর মধ্যে মানুষের লাশ ভাসছে। প্রতিদিন নারীরা লাঞ্ছিত হচ্ছেন, শিশুরাও লাঞ্ছনা ও ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়ামে জাহেলিয়া যুগ। যার বিরুদ্ধে মহানবী (সা.) রুখে দাঁড়িয়েছিলেন, সেই যুগের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে।

আমরা মহানবীর (সা.)আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি মন্তব্য করে তিনি বলেন, তার আদর্শ ধরে রাখলে আমাদের সমাজে কোনও কদাচার-অনাচার আসন গেড়ে বসতো না।#

পার্সটুডে/শামস মন্ডল/ বাবুল আখতার /১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।