মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছি আমরা: শেখ হাসিনা
সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘কেউ সবসময় বাগড়া দেওয়ার চেষ্টা করে এবং অপপ্রচার চালানোর চেষ্টা করে। কেউ যেন এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়। আমি সেটাই বলব। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যে সেবা দিচ্ছে এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছি আমরা। কাজেই আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে সেই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে।’
দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই দেশ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি দূর করতে চাই। এর বিরুদ্ধে যে অভিযান চলছে সেই অভিযান আমরা অব্যাহত রাখব। বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই উন্নতি সম্ভব। এমন একটা শন্তিপূর্ণ পরিবেশ আমরা চাই।’
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘মানুষের, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়নের ফলে দারিদ্র্য আরও কমিয়ে আনা হবে। যারা মুজিব আদর্শে বিশ্বাসী দেশটাকে তাদেরই গড়ে তুলতে হবে।’ এ সময় ত্যাগের আদর্শ নিয়ে রাজনীতি করতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শনিবার বিকেলে পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু। তারা দুইজনই সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।