জনগণের ভাগ্য উন্নয়নে যা যা দরকার সবই করছে সরকার: শেখ হাসিনা
-
শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৯’ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বাছাইকৃত চৌকস সদস্যের একটি দল এ সময় গার্ড অব অনার দেয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের সামগ্রিক মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নে যা যা দরকার সবই করছে সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষ যেন ভালো থাকে, সে লক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ করছি। যাদের ঘর নেই, তাদের ঘর দিচ্ছি। যাদের জমি নেই, তাদের জমি দিচ্ছি। গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেককে পুনর্বাসন করছি।’
অপপ্রচার এবং গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচারে কান দেবেন না। হঠাৎ পেঁয়াজ নাই, লবণ নাই, এটা নাই-সেটা নাই-নানা ধরনের কথা প্রচার হয়। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। এটা করবেই আমি জানি, এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের চলতে হবে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।