বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i75454-বাংলাদেশকে_উন্নত_রাষ্ট্রে_পরিণত_করতে_দ্বিতীয়_প্রেক্ষিত_পরিকল্পনা_প্রধানমন্ত্রী
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দ্রুত কিছু কাজ করতে হচ্ছিল। এজন্য আশু করণীয় ঠিক করলাম। এরপর আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন শুরু করেছিলাম। সেইসঙ্গে দীর্ঘমেয়াদী ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৫ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দ্রুত কিছু কাজ করতে হচ্ছিল। এজন্য আশু করণীয় ঠিক করলাম। এরপর আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন শুরু করেছিলাম। সেইসঙ্গে দীর্ঘমেয়াদী ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করি।

আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১: রূপকল্প ২০৪১ এর বাস্তবায়ন’র চূড়ান্ত বিষয়বস্তুর ওপর উপস্থাপনা পর্যবেক্ষণের আগে এসব কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত দেশ হিসেবে গড়তে চাই। সেই লক্ষ্যটা অর্জনের জন্য আমাদের যেহেতু প্রথম ধাপের যে প্রেক্ষিত পরিকল্পনা এর দ্বিতীয়টা ধাপটা আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা হচ্ছে ২০২১ থেকে ২০৪১।

এরআগে, অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহারের জন্য তিনটি অত্যাধুনিক জাম্বো কুশন বা বড় বালিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন প্রধানমন্ত্রীর কাছ থেকে জাম্বু কুশন তিনটি গ্রহণ করেন। এসব জাম্বু কুশন ক্রয়ে অর্থায়ন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিটি জাম্বু কুশনের দাম পড়েছে ৫০ লাখ টাকা।

অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক এই জাম্বু কুশন জার্মানি থেকে আমদানি করা হয়েছে। প্রতিটি ৫০ দশমিক ৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন এক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে। জাম্বু কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং বিদ্যুৎ অপরিবাহী।

বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।