ঢাকায় বায়ু দূষণ রোধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75494-ঢাকায়_বায়ু_দূষণ_রোধে_কমিটি_গঠনের_নির্দেশ_হাইকোর্টের
বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়ু দূষণের কারণ নির্ণয় এবং বায়ু দূষণ কমাতে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করতে পরিবেশ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ১৪:৫০ Asia/Dhaka
  • বাতাসে ধুলাবালিতে আচ্ছন্ন রাজধানীর ব্যস্ততম গাবতলী সড়ক
    বাতাসে ধুলাবালিতে আচ্ছন্ন রাজধানীর ব্যস্ততম গাবতলী সড়ক

বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়ু দূষণের কারণ নির্ণয় এবং বায়ু দূষণ কমাতে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করতে পরিবেশ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত।

একই সঙ্গে ঢাকাসহ এর আশেপাশের চার জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সকল অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ইটভাটা বন্ধ করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে বলা হয়েছে।

বায়ুদুষণ রোধে আদালতে দায়ের করা একটি রিটের শুনানিতে আদালত এ নির্দেশনা দিয়েছে।  রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিজল মোরসেদ আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ঢাকার বায়ুদূষণ নিয়ে প্রকাশিত খবর ও প্রতিবেদন যুক্ত করে ১১ মাস আগে গত ২৭ জানুয়ারি পরিবেশ ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ হাইকোর্টে এ রিট আবেদন করে। পরদিন ২৮ জানুয়ারি ওই রিটের প্রাথমিক শুনানি করে হাইকোর্ট ঢাকা শহরে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দু'বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন।

আদেশে বলা হয়, রাজধানীর যেসব জায়গায় উন্নয়ন ও সংস্কার কাজ চলছে সেসব জায়গা আগামী ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে হবে যাতে ধুলো ছড়িয়ে বায়ুদূষণ বাড়াতে না পারে। পাশাপাশি ‘ধুলোবালি প্রবণ’ এলাকাগুলোতে দিনে দুবার করে পানি ছিটাতে হবে। এ ছাড়া হাইকোর্ট বায়ু দূষণ রোধে নিষ্ক্রিয়তার ব্যাপারে রুল জারি করেন। এ রিটের ধারাবাহিকতায় আজ উপরোক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।

বিশেষজ্ঞরা বলছেন, রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ না হলে রাজধানীর বায়ুদূষণ রোধের কোনও বিকল্প দেখা যাচ্ছে না। অনিয়ন্ত্রিত উন্নয়ন প্রকল্পের কারণে ঢাকার সব রাস্তাই একযোগে খোঁড়া হচ্ছে। এতে ধূলিকণার সঙ্গে গ্যাসীয় মিশ্রণে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। রাস্তায় পানি দিয়ে ধুলো নিয়ন্ত্রণের কথা বলা হলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না। দূষিত বায়ু এখন জনস্বাস্থ্যের জন্য ভয়ানক ঝুঁকি সৃষ্টি করছে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।