সুপ্রিম কোর্টের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
গাড়ি ভাঙচুর
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বিক্ষোভরত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে গতকালই শাহবাগ থানায় মামলা রুজু করা হয়।
শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে ৫০০ জনকে মামলায় আসামিরা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মঙ্গলবার গভীর রাতে ঢাকার বিমানবন্দর থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। উলফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান বলেন, “উলফাত যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। রাত পৌনে ২টার দিকে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ভোরের দিকে শাহবাগ থানা নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
গতকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যে সমাবেশ হয় তাতে উলফাত সভাপতিত্ব করছিলেন।
সমাবেশের পর তার নেতৃত্বে একটি মিছিল হাইকোর্টের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বেলা ১টা থেকে ঘণ্টাখানেক প্রেস ক্লাব সংলগ্ন হাই কোর্ট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা।
এই পরিস্থিতিতে প্রেস ক্লাব থেকে মৎস্যভবনের দিকে আসার রাস্তায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ঢিল ছুড়লে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।