দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন:বিমান বাহিনীকে প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i76211-দেশের_স্বাধীনতা_ও_সার্বভৌমত্ব_রক্ষায়_সর্বদা_প্রস্তুত_থাকুন_বিমান_বাহিনীকে_প্রধানমন্ত্রী
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের জন্য বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বৃহস্পতিবার যশোরের বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৩:১৬ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের জন্য বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বৃহস্পতিবার যশোরের বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখনকার বিমান বাহিনী এক দশক আগের বিমান বাহিনীর থেকে অবকাঠামোগতভাবে, প্রযুক্তিগত ও কৌশলের দিক থেকে অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকষ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বন্ধু দেশগুলোর কাছ থেকে সাহায্য নিয়ে উন্নত বিমান বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তার অক্লান্ত চেষ্টায় স্বাধীনতার পর পরই বিমান বাহিনীতে সংযুক্ত হয় সে সময়কার অত্যাধুনিক মিগ-২১ সুপারসনিক ফাইটার জেট, হেলিকপ্টার ও পরিবহন বিমান।

সশস্ত্র বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ আবার  ক্ষমতায় এসে বিমানবাহিনীর উন্নতির পদক্ষেপ নেয়। ’৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন কিনি। বিমানবাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। এখন বিমানবাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকশ।

এসময় তিনি বিমানবাহীনির ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধস্তনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করবেন।’#

পার্সটুডে/ আব্দুর রহমান খান /এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।