ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে জেনে শুনে বিষ পান করছে বিএনপি: গয়েশ্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i76235-ঢাকা_সিটি_নির্বাচনে_অংশ_নিয়ে_জেনে_শুনে_বিষ_পান_করছে_বিএনপি_গয়েশ্বর
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকলেও আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জেনে শুনে বিষ পান করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৯ ১৩:৫১ Asia/Dhaka
  • ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে জেনে শুনে বিষ পান করছে বিএনপি: গয়েশ্বর

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকলেও আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জেনে শুনে বিষ পান করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (শুক্রবার) সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, জনগণ ভোট দিতে পারবে না। তারপরও মনে করে নির্বাচন। নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের না, সারাদেশের মানুষের আস্থা নেই। তারপরও আমরা জেনে শুনে বিষ পান করছি। কারণ আপনাদের মুখ রক্ষা করার জন্য। কারণ নির্বাচনে গেলেও সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়।

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে তিনি বলেন, তাদের কাজের কারণে একটা সময় আসবে সকলে মুখ ফিরিয়ে নেবে। তখন আমরাও নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নেবো, কোনো নির্বাচনে যাব না। না গেলে জনমনে এই সন্দেহ থাকবে, গেলে বোধহয় এবার একটু অন্যরকম হতো। ওই জাতীয় নির্বাচনের যা হয়েছে এ নির্বাচনে হয়তো ওটা করত না। কিন্তু কুকুরের লেজ সোজা হয় না কোনদিন। এ নির্বাচন কমিশনের লেজও সোজা হবে না।

সিইসি জোর করে জনগণের ওপর ইভিএম চাপিয়ে দিতে চাইছেন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ইভিএম অনেক আগে আবিষ্কার হয়েছে । বিশ্ব থেকে পার্শ্ববর্তী দেশে ইভিএম পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হাকডাক উঠছে ইভিএমে সহজে কারচুপি সম্ভব। তারা ইভিএম পরিত্যাগ করছে। এ সম্পর্কে সাধারণ মানুষের সম্যক ধারণা নেই। এরপরও যখন জনগণের ইচ্ছার বাইরে জেদ করে চাপিয়ে দেয়, তখন বুঝতে হবে এই ইভিএম-এর পেছনে অনেক রহস্য আছে।

নির্বাচন কমিশনকে সরকারের ইচ্ছা বাস্তবায়নের প্রতিষ্ঠান আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা নিকট অতীতে যা দেখছি, এটা তারই প্রতিচ্ছবি। এখানে নির্বাচন বলতে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনগণ ভোট দিতে পারবে সেটা আশা করা যাচ্ছে না। তাই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই।#

পার্সটুডে/ শামস মন্ডল /এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।